ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকুন্দিয়ায় সাবেক ওসিসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা

author
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১ জুন, ২০২৬ দুপুর ৩:৩৫
ad003
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে গুলিবর্ষণ ও হামলার অভিযোগে পাকুন্দিয়া থানার তৎকালীন ওসি সারোয়ার জাহানসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৭০ থেকে ৮০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল বাদী হয়ে গত ২৪ মে কিশোরগঞ্জের আদালতে মামলাটি দায়ের করেন। রোববার আদালত মামলাটি আমলে নিয়ে পাকুন্দিয়া থানাকে এফআইআর হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।

মামলার বাদী মাজহারুল হক উজ্জ্বল জানান, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাকুন্দিয়ায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন। অভিযোগে বলা হয়, সে সময় তৎকালীন ওসি সারোয়ার জাহানের নির্দেশে পুলিশ বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট, টিয়ারশেল ও স্প্লিন্টার নিক্ষেপ করে।

মামলায় আরও উল্লেখ করা হয়, পুলিশের অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও লাঠিসোটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে অংশ নেন। এতে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন বলে দাবি করা হয়েছে।

বাদীর ভাষ্য অনুযায়ী, আহতদের মধ্যে শ্রাবণ ও জলিলের অবস্থা ছিল গুরুতর। শ্রাবণের শরীরে অসংখ্য ছররা গুলি লাগে এবং জলিল এক চোখের দৃষ্টিশক্তি হারান।

মাজহারুল হক উজ্জ্বল অভিযোগ করেন, তৎকালীন ওসি সারোয়ার জাহান রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণ করতেন এবং বিএনপির কর্মসূচি পালনে বাধা দিতেন। তার সময়ে দলের বহু নেতাকর্মী নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন বলেও তিনি দাবি করেন।

মামলা দায়েরে বিলম্বের বিষয়ে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, পুলিশের কার্যক্রমে স্থবিরতা এবং জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ সময় মামলা করা সম্ভব হয়নি। অবশেষে ন্যায়বিচারের প্রত্যাশায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রমের ওপর নির্ভর করবে অভিযোগগুলোর সত্যতা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT