ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জোবায়ের হত্যাকাণ্ড: ‘রানা খালাতো ভাই নন, কর্মচারী’—সংবাদ সম্মেলনে পরিবারের দাবি

author
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২ জুন, ২০২৬ সকাল ৭:১৪
ad003
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবক জোবায়ের (২৮) হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, নিরপেক্ষ তদন্ত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।

সোমবার (১ জুন) বিকেলে উপজেলার চড়পলাশ গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের বড় ভাই মোঃ নাজমুল হাসান। এতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে পরিবার জানায়, জোবায়েরের নির্মম হত্যাকাণ্ডে শুধু একটি পরিবার নয়, পুরো এলাকাবাসী শোকাহত। ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে আসামি গ্রেপ্তার করায় পুলিশকে ধন্যবাদ জানালেও তদন্তের তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রকাশ না করার আহ্বান জানান তারা।

পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডের পর কিশোরগঞ্জ জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে কিছু তথ্য তুলে ধরা হয়েছে, যা প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে নিহত জোবায়েরকে ঘিরে পরকীয়ার অভিযোগ এবং রানা নামের অভিযুক্তকে তার আত্মীয় হিসেবে উল্লেখ করার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়। পরিবারের ভাষ্য অনুযায়ী, রানা জোবায়েরের কোনো আত্মীয় নন; তিনি তার প্রতিষ্ঠানের একজন বিক্রয়কর্মী ছিলেন।

তাদের মতে, তদন্ত শেষ হওয়ার আগেই এ ধরনের তথ্য প্রচার করায় নিহতের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এবং পরিবারকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান অপপ্রচারও তাদের কষ্ট আরও বাড়িয়ে তুলছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কোনো হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগে নিহত ব্যক্তিকে নিয়ে বিতর্কিত বা অসমর্থিত তথ্য প্রকাশ অত্যন্ত সংবেদনশীল বিষয়। কারণ একজন নিহত ব্যক্তি নিজের পক্ষে বক্তব্য দেওয়ার সুযোগ পান না।

এ সময় পরিবার কয়েকটি দাবি তুলে ধরে। এর মধ্যে রয়েছে—হত্যাকাণ্ডের সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিহতের সম্মানহানিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা এবং প্রকাশিত তথ্যের অসঙ্গতি থাকলে তা পুনর্মূল্যায়ন ও সংশোধন করা।

সংবাদ সম্মেলনের শেষাংশে বক্তারা বলেন, তাদের এই দাবি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়; বরং একজন নিহত মানুষের ন্যায়বিচার, সত্য উদঘাটন এবং একটি শোকাহত পরিবারের আর্তনাদের প্রতিফলন। তারা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি প্রকৃত ঘটনা উদঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT