ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ডিসি-এসপির যৌথ উদ্যোগে পথচারী, শ্রমজীবী পথচারীদের মাঝে পানী ও স্যালাইন বিতরণ

author
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ৩ জুন, ২০২৬ দুপুর ১২:০৩
ad003
প্রচণ্ড রোদ ও তীব্র তাপদাহে জনজীবন যখন অতিষ্ঠ, ঠিক তখনই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির ও নারায়ণগঞ্জ  জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীর উদ্যোগে পথচারী, অটোরিকশাচালক, দিনমজুর ও দায়িত্বরত ট্রাফিক পুলিশের মাঝে ঠান্ডা পানীয় ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এসময় তীব্র গরমে স্বস্তি পেয়ে সাধারণ মানুষ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঠান্ডা পানি ও স্যালাইন পেয়ে ইজিবাইক চালক মতিন মিয়া বলেন, এই উদ্যোগ আসলেই প্রশংসনীয়। তাদেরকে ধন্যবাদ জানাই যারা মানুষের স্বস্তির জন্য কোমল পানীয় ও খাবার স্যালাইন দিয়ে উদারতার পরিচয় দিয়েছেন। এ জন্য তাদেরকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।

এ সময় নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক ইনচার্জ এম এ করিম বলেন, প্রচণ্ড গরমে সড়কে দায়িত্ব পালন করা খুবই কষ্টকর। জেলা প্রশাসকের এই উদ্যোগে ট্রাফিক সদস্যরা কিছুটা স্বস্তি পেয়েছেন। ডিউটির মাঝে ঠান্ডা পানি, ওরস্যালাইন ও খাবার পেয়ে আমরা উজ্জীবিত। এ ধরনের মানবিক কাজ আমাদের মনোবল বাড়ায়।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, রৌদ্রের প্রখরতায় জীবিকার তাগিদে মানুষকে রাস্তায় বের হতে হচ্ছে। তীব্র গরমে পথচারী ও শ্রমজীবী মানুষ যেন কিছুটা স্বস্তি পান, সে চিন্তা থেকেই এ উদ্যোগ। জনগণের পাশে থাকাই প্রশাসনের দায়িত্ব। 

পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী বলেন, তাপদাহে পুলিশ সদস্যরাও ঝুঁকি নিয়ে সড়কে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাধারণ শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবে আমরা জেলা প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করছি। জনসেবায় পুলিশ সবসময় মানুষের পাশে আছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT