নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মিলন মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারী ও তার ছেলেকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া ওই গ্রামের আমজুদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পাওনা টাকা নিয়ে মিলন মিয়ার সঙ্গে প্রতিবেশী হাবিয়া বেগমের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাবিয়া বেগমের ছেলে ইমন মিয়া ঘটনাস্থলে এসে মিলন মিয়ার ওপর হামলা চালায়।
অভিযোগ রয়েছে, ইমন মিয়া ধারালো দা দিয়ে মিলন মিয়ার গলার বাম পাশে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ইমন মিয়া ও তার মা হাবিয়া বেগমকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আটকরা হলেন— কান্দাপাড়া গ্রামের হাবিয়া বেগম (৫৫) এবং তার ছেলে ইমন মিয়া (২২)।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মা ও ছেলেকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।