খুলনার সোনাডাঙা থানার বহুল আলোচিত ট্রিপল মার্ডার (শাশুড়ি ও দুই সন্তান হত্যা) মামলার প্রধান পলাতক আসামি রফিকুল ইসলাম হাওলাদারকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব-৬।
বৃহস্পতিবার (২৯ মে) বরিশাল জেলার কোতোয়ালি থানাধীন কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, নিয়মিত অপরাধ দমন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনতে র্যাব ফোর্সেস ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
এরই অংশ হিসেবে র্যাব-৬ সদর কোম্পানি এবং র্যাব-৮-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের কাশিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে খুলনার সোনাডাঙা থানার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার ১ নম্বর আসামি মোঃ রফিকুল ইসলাম হাওলাদারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম হাওলাদারের পিতার নাম আলমগীর হাওলাদার। তার বাড়ি খুলনা জেলার দৌলতপুর থানা এলাকায়।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙা থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, শাশুড়ি ও দুই সন্তানকে হত্যার ঘটনায় দায়ের হওয়া এই ট্রিপল মার্ডার মামলাটি খুলনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই প্রধান আসামি রফিক হাওলাদার পলাতক ছিলেন।