মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সূর্য্যমনি গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোশারফ সিকদার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
গ্রেপ্তারকৃত মোশারফ সিকদার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সূর্য্যমনি গুচ্ছগ্রামের বাসিন্দা এবং তিনি আবুল কালাম সিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ জুন) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করে পুলিশ।
এ ঘটনায় কালকিনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং-৬) দায়ের করা হয়েছে। অভিযান পরিচালনা করেন কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন আলী খান।
কালকিনব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল আলম (ওসি) বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।