ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুপচাঁচিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য অস্ত্র ও ইয়াবাসহ আটক

author
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত : ৫ জুন, ২০২৬ সকাল ৮:৫৮
ad003
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে অস্ত্র, দেশীয় ধারালো অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার নওদাপাড়া গ্রামের নবাব আলীর ছেলে সোহেল (২৮), কাহালু উপজেলার পুগইল গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে ইমরান হোসেন (৩০), চানপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে রাব্বী হাসান (২১) এবং পাঁচপীর নলঘরিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে আব্দুল হালিম (২০)।বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়,গত ৪ জুন দিবাগত রাতে দুপচাঁচিয়ার চৌমুহনী এলাকায় একটি বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে সংঘবদ্ধ হয় ডাকাত দলের সদস্যরা। 

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএমকে অবহিত করা হয়। পরে তাঁর নির্দেশনায় ডাকাতদের গ্রেপ্তারের লক্ষ্যে একটি বিশেষ টিম গঠন করা হয়।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমানের নেতৃত্বে এসআই সজীব মাহমুদ ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুপচাঁচিয়া পৌর এলাকার তিষিগাড়ী এলাকায় আব্দুস সাত্তার হাজীর বাড়ির সামনে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জনের একটি দল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় চারজনকে আটক করে বাকিরা  পালিয়ে যায়।

আটককৃতদের কাছ থেকে একটি রিভলবার, একটি চাইনিজ কুড়াল, একটি কাটার, দুটি বার্মিজ চাকু, একটি স্লাই রেঞ্জ, দুটি গামছা এবং ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সম্প্রতি শিবগঞ্জ ও নন্দীগ্রাম থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত চারজন ও উদ্ধারকৃত আলামত নিয়ে বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT