ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় ৭ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী বিল্লাল, উৎকণ্ঠায় পরিবার

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ৫ জুন, ২০২৬ সকাল ১০:৩১
ad003
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিল্লাল মিয়া (২৮) নামে এক ব্যবসায়ী গত সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান না মেলায় পরিবারে উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্ক বাড়ছে।

নিখোঁজ বিল্লাল মিয়া উপজেলার দলপা ইউনিয়নের ভূইয়াপাড়া গ্রামের বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে। তিনি আশুজিয়া ইউনিয়নের বীরগঞ্জ বাজারে মোটরসাইকেলের যন্ত্রাংশের ব্যবসা পরিচালনা করতেন।

পরিবারের সদস্যরা জানান, গত ৩০ মে সকালে প্রতিদিনের মতো তিনি তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে যান। তবে রাত হয়ে গেলেও বাড়িতে ফেরেননি। প্রথমে আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নেওয়া হলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরদিন সকালে স্বজনরা দোকানে গিয়ে দেখতে পান, বিল্লাল মিয়ার ব্যবহৃত দুটি মোবাইল ফোন, মোটরসাইকেল এবং দোকানের চাবি দোকানেই পড়ে আছে। কিন্তু তিনি সেখানে নেই। বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। এরপরও কোনো তথ্য না পাওয়ায় ৩১ মে কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এদিকে নিখোঁজের এক সপ্তাহ পার হলেও তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য না মেলায় পরিবারের উদ্বেগ আরও বেড়েছে। স্বজনদের দাবি, সম্প্রতি কেন্দুয়া উপজেলায় কয়েকটি হত্যা ও নিখোঁজের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি অপরিচিত নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকিমূলক ফোনও পাচ্ছেন তাঁরা। এসব কারণে পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন।

বিল্লাল মিয়ার পরিবারের পক্ষ থেকে দ্রুত তাঁর সন্ধান এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করা হয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, “নিখোঁজ ব্যবসায়ী বিল্লাল মিয়াকে উদ্ধারে পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে। বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। তাঁকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT