ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুমার নামাজ শেষে ওসির বার্তা: পরিবার থেকেই গড়তে হবে অপরাধমুক্ত সমাজ

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ৫ জুন, ২০২৬ সকাল ১১:২৬
ad003
নেত্রকোণার মোহনগঞ্জ পৌর জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন। 

এ সময় তিনি সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সামাজিক সম্প্রীতি জোরদার করা এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

শুক্রবার (৫ জুন) অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সন্তানদের নৈতিক মূল্যবোধে শিক্ষিত করে গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, মাদকাসক্তি, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

তিনি জমিজমা সংক্রান্ত বিরোধ এড়িয়ে চলা, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্ম ও ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। একই সঙ্গে আত্মহত্যার ভয়াবহ সামাজিক ও পারিবারিক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেন।

ওসি আরও বলেন, ওরশ বা মাজারকেন্দ্রিক অনুষ্ঠানসহ যেকোনো ধর্মীয় ও সামাজিক আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়। শেষে দেশ, জাতি ও সমাজের শান্তি, সমৃদ্ধি এবং সকল মানুষের কল্যাণ কামনা করে বক্তব্য শেষ করেন তিনি।

এ সময় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রায় ২০০ থেকে ২৫০ জন মুসল্লি উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT