মাদারীপুরের কালকিনি পৌরসভার ভূরঘাটা মজিদ বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় আলিছা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে বিএমএফ পরিবহনের একটি বাস শিশুটিকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আলিছা ডাসার উপজেলার বনগ্রাম এলাকার বাসিন্দা। তার বাবা মোহাম্মদ আবুল হোসেন একজন প্রবাসী (রেমিট্যান্স যোদ্ধা)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলিছার দাদা ইউপি সদস্য মো.মতলেব ঘরামীর সঙ্গে একটি মিষ্টির দোকান থেকে বের হয়ে সড়কে আসামাত্র দ্রুতগতির বিএমএফ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
শিশুটির মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মর্মান্তিক মৃত্যুতে এলাকাবাসী মহাসড়কের উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।