নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বাড়ির সামনে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সাফোয়ান মিল্কি (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার চিরাং ইউনিয়নের সাজিউড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত সাফোয়ান মিল্কি ওই গ্রামের সজল মিল্কি ও সোনিয়া আক্তার দম্পতির একমাত্র সন্তান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলেও বাড়ির সামনে খেলছিল সাফোয়ান। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে পাশের পুকুরের দিকে চলে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়।
পরে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা বাবুল মিল্কি বলেন, “বিকেলে খেলতে গিয়ে আমার ভাতিজা পুকুরের পানিতে ডুবে মারা গেছে। ঘটনাটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার মৃত্যুতে পরিবারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।”
এদিকে, ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়। ছোট্ট শিশুটির আকস্মিক মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে বিষাদের ছায়া।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, “সাজিউড়া গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়ে এখনো কেউ থানাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেননি। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।”