চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশের (৬ বিজিবি) এক সদস্য আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ শনিবার (৬ জুন) সকালে এ ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্যের নাম আজিজুল রহমান। তিনি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নে (৬ বিজিবি) কর্মরত ছিলেন।
আজ সকালে বিজিবি ৬ ব্যাটালিয়নের ৬ তলা ব্যারাকের ৬ তলায় ফাঁকা রুমে দেয়ালের হুকে দঁড়ি বাধিয়ে আত্মহত্যা করে।
তার বাড়ি ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানার নিত্যনন্দাপুর গ্রামে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ওই সদস্য আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদ বা ব্যাধিতে ভুগছিলেন। পুলিশকে খবর দেয়া হয়েছে, তারা ঘটনাস্থলে এসে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আজিজুল রহমান নামের এক বিজিবি সদস্যের আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।