ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেছারাবাদে আনন্দের আমেজ, যুবদলের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হলেন ডাঃ গালিব হাসান

author
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুন, ২০২৬ দুপুর ২:৪৩
ad003
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান ডাঃ গালিব হাসান। সম্প্রতি ১৫১ সদস্যবিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হলে সেখানে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পান ডাক্তার গালিব।

গত বুধবার অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। নতুন কমিটিতে গালিব হাসান এর নাম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় নেছারাবাদ উপজেলা বিএনপি ও সাবেক ছাত্রনেতাদের মধ্য আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ঢাকাকেন্দ্রিক ছাত্র ও যুব রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ডাঃ গালিব হাসান ছাত্রদল থেকে উঠে আসা একজন পরিচিত সংগঠক। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাবের গুরুত্বপূর্ণ দায়িত্বেও তিনি সফলতার সঙ্গে কাজ করেছেন। সর্বদা চিকিৎসাকাজে সহায়তা ও সুপরামর্শ দিয়েছেন নিজ দলের অসহায় নেতাকর্মীসহ উপজেলা নানা মানুষদের।

পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ রেজাউল হাসান বলেন, “ডাঃ গালিব হাসান ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে ছাত্রদলের নেতৃত্বে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।”

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ আল বেরুনী সৈকত বলেন, “ডাঃ গালিব হাসান একজন মানবিক চিকিৎসক ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী। অসহায় রোগীদের চিকিৎসাসেবায় তিনি সবসময় আন্তরিক। তার মতো যোগ্য ও ত্যাগী নেতা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় আমরা আনন্দিত।”

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ ফকরুল আলম বলেন, গালিব হাসান ভাল একজন মানবিক ডাক্তার। যোগ্যলোক যোগ্যস্থানে মর্যাদা পেয়েছে। তার জন্য দোয়া ও ভালবাসা থাকবে।

স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, যুবদলের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ডাঃ গালিব হাসানের অন্তর্ভুক্তি তার দীর্ঘ রাজনৈতিক পথচলা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি নিষ্ঠার যথাযথ স্বীকৃতি। তারা আশা করছেন, নতুন দায়িত্বে তিনি দল ও জনগণের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT