ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা হত্যা মামলার রায়ে আসামিপক্ষের আইনজীবীর প্রতিক্রিয়া

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ৭ জুন, ২০২৬ সকাল ৭:৫৮
ad003
শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ ও ভুক্তভোগীর বাবা।  এই রায়ে একই রকম সন্তুষ্টির প্রতিক্রিয়া জানিয়েছেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্যাহও। 

আজ রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেহীন এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী মুসা কালিমুল্যাহ বলেন, অপরাধী অপরাধের বিচার পেয়েছে, আমি সন্তুষ্ট। প্রধান আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে নিজের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। এমনকি আত্মপক্ষ সমর্থন শুনানিতেও নিজের দোষ স্বীকার করেন। রায়ে সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে। এর মাধ্যমে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

আলোচিত এই মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ সকালে কড়া নিরাপত্তায় আসামিদের আদালতে হাজির করা হয়। পরে বেলা ১১টা ৫ মিনিটে বিচারক মামলার রায় পড়া শুরু করেন। সব সাক্ষ্য-প্রমাণের আলোকে আসামিদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডে দণ্ডিত করেন আদালত।

আদালতের রায়ে উল্লেখ করা হয়, জরিমানার টাকা আদায়ের পর ভুক্তভোগী শিশুটির আত্মীয়দের সেই অর্থ পরিশোধ করতে হবে। দণ্ডিত আসামিরা এই অর্থ প্রদানে ব্যর্থ হলে জেলা কালেক্টর দোষী ব্যক্তিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে সেই টাকা আদায়ের প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।


সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT