ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ভাঙচুরের অভিযোগ

author
মকবুল হোসেন, রূপগঞ্জ

প্রকাশিত : ৭ জুন, ২০২৬ সকাল ৮:৫০
ad003
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জনসভাকে কেন্দ্র করে ভাঙচুরের অভিযোগে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সমাবেশস্থলের প্যান্ডেল ও চেয়ার ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, দলের যুগ্ম আহ্বায়ক ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীর আগমনের পূর্বমুহূর্তে ছাত্রদল নেতা সুলতান মাহমুদের নেতৃত্বে একদল ব্যক্তি সমাবেশস্থলে হামলা চালিয়ে প্যান্ডেল ও চেয়ার ভাঙচুর করে। এতে কর্মসূচিতে অংশ নিতে আসা নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, এনসিপির আয়োজিত পথসভা ও গণসংযোগ কর্মসূচি উপলক্ষে কয়েকদিন ধরেই কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঞ্চ, প্যান্ডেল ও দর্শকদের বসার ব্যবস্থা করা হচ্ছিল। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর সমাবেশস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

এনসিপির স্থানীয় নেতারা দাবি করেছেন, তাদের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি বাধাগ্রস্ত করতেই এ হামলা চালানো হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা সুলতান মাহমুদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এদিকে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT