ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপদ খাদ্যে বেশি মুনাফা না দেখার আহ্বান

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ৭ জুন, ২০২৬ দুপুর ১২:৫৫
ad003
নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে বেশি মুনাফা না দেখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। জনস্বাস্থ্য ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টিকে বেশি গুরুত্ব দেয়ার কথা বলা হয়েছে। 

রবিবার বিশ্ব নিরাপদ খাদ্য দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশন কার্যালয়ে আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং-এর প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপির এমপি কামরুজ্জামান রতন এসব কথা বলেন। তিনি আরো বলেন, খাদ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িতদের উপলব্ধি করতে হবে যে, তাদের নিজেদের পরিবারের সদস্যরাও একই খাদ্য গ্রহণ করছেন। এমন সচেতনতা তৈরি হলে নিরাপদ খাদ্য উৎপাদন এবং ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং (এফওপিএল) বাস্তবায়ন আরও সহজ হবে। এ বিষয়টি পার্লামেন্টেও উত্থাপন করা হবে। 

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান অধ্যাপক ড. গোলাম রহমান বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং বাস্তবায়ন অপরিহার্য।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ বলেন, খাদ্য শুধু বেঁচে থাকার উপকরণ নয়; সুস্বাস্থ্য, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়নের অন্যতম নির্ধারক। দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশ দায়ী হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ অসংক্রামক রোগ। পরিবর্তিত জীবনযাত্রা এবং অতিপ্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবারের বাড়তি ব্যবহার এ সংকটকে আরও তীব্র করছে। এ পরিস্থিতি মোকাবিলায় অতিপ্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাদ্যের মোড়কের সামনে সহজবোধ্য সতর্কবার্তা সংবলিত ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। 

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি লীড মুহাম্মদ রুহুল কুদ্দুস এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (খাদ্য শিল্প ও উৎপাদন) অধ্যাপক মোহাম্মদ শোয়েব। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী মাহবুব রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনটির সহ-সভাপতি ড. এস এম খলিলুর রহমান।

বক্তারা বলেন, বিশ্বের ৪৪টিরও বেশি দেশে এই নিয়ম চালু আছে এবং এটি ব্যবসার জন্য ক্ষতিকর নয়। বহুজাতিক কোম্পানিগুলো উন্নত দেশের মতো এদেশেও যেন একই মান বজায় রাখে, তা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের কনিউনিকেশন অফিসার তরিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT