গাজীপুরের শ্রীপুর পৌরসভার (ইউপিসহ) টানা ৫ বারের মেয়র ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (৭জুন) দুপুরের দিকে ঢাকার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এদিকে ভাইয়ের মৃত্যুসংবাদ শুনে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর ছোট বোন রাশিদা বেগমও মারা গেছেন।
আনিছুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর মেয়ে সাবরিয়া রহমান।
আনিসুর রহমান (৬৫) শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের হাজী হাবিবুর রহমান ও মা হাফেজা খাতুনের ছেলে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ২০০২ সালে শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠার সময় থেকে একাধারের ৫ বার দায়িত্ব পালন করেছেন। এছাড়াও জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদকসহ আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ শ্রীপুরের সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৈষম্য আন্দোলনের (৫ আগস্টের) পর থেকে তিনি বাড়িতে থাকতেন না। এ সময় ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। এরপর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। রোববার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তার মৃত্যু বিষয়টি পরিবারের সদস্যদের নিশ্চিত করে।
সাবরিহা রহমান বলেন, 'বাবা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। কয়েক দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। রোববার দুপুরের দিকে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর বিষয়টি আমাদেরকে জানায়।'
এদিকে ভাইয়ের মৃত্যুসংবাদ শুনে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর ছোট বোন রাশিদা বেগমও মারা গেছেন বলে নিশ্চিত করেছেন মেয়রের ছোট ভাই হাফিজুর রহমান। তিনি বলেন, 'বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে বোনও মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনিও কিছুটা অসুস্থ ছিলেন। হঠাৎ বুকে ব্যাথা অনুভব করায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।'
তিনি আরও বলেন, সোমবার সকাল ১১ টার দিকে শ্রীপুর পৌরসভার মাধখলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে। একইদিন তাঁর বোনের জানাজা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত,আনিছুর রহমান বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৯১ সালে শ্রীপুর কলেজের ভিপি নির্বাচিত হন। গাজীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান ২০০২ সালে শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম মেয়র নির্বাচিত হন। সবমিলিয়ে পরপর ৫বার দায়িত্ব পালন করেন। ২০২৪সালের ১৮ আগস্ট অর্ন্তবর্তীকালীন সরকার সারাদেশের ৩২৩ পৌরসভার মেয়র অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। এসময় শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানকেও অপসারণ করা হয়। বিগত আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে আনিছুর রহমান রাজধানীসহ বিভিন্ন জায়গায় বসবাস করতেন। এসময় ডায়াবেটিসসহ নানা জটিল রোগ দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। আজ রোববার (৭ জুন) হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি পরিবারকে জানায়। তাঁর ২কন্যা ও স্ত্রীসহ গুণগ্রাহী রেখে গেছেন।