ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লাড ক্যান্সারে আক্রান্ত শারমিনের পাশে দাঁড়ানোর আহ্বান

author
চিলমারী প্রতিনিধি

প্রকাশিত : ৭ জুন, ২০২৬ দুপুর ১:৪১
ad003
কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের রাধাবল্লভ ব্যাপীর হাট এলাকার ১০ বছর বয়সী শিশু শারমিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছে। উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকলেও অর্থাভাবে বর্তমানে তার চিকিৎসা অনিশ্চয়তার মুখে পড়েছে।

শারমিন স্থানীয় রাধাবল্লভ কালীরপাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সে ক্ষুদ্র কলা ব্যবসায়ী শাহ আলম ও আমেনা বেগম দম্পতির তিন সন্তানের মধ্যে দ্বিতীয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা শাহ আলমের সামান্য আয় দিয়ে সংসার চালানোই যেখানে কষ্টসাধ্য, সেখানে মেয়ের ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

পরিবার সূত্রে জানা যায়, কয়েক মাস আগে শারমিন অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। পরে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এ ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও থেরাপি নিশ্চিত করা গেলে শারমিন সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। তবে এর জন্য প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন।

এদিকে মেয়ের চিকিৎসার জন্য পরিবারের সঞ্চিত অর্থ, গবাদিপশু ও অন্যান্য সহায়-সম্বল বিক্রি করে ইতোমধ্যে অনেক টাকা ব্যয় করা হয়েছে। বর্তমানে অর্থ সংকট চরম আকার ধারণ করায় চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ফলে নিরুপায় হয়ে শারমিনকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছেন তার বাবা-মা।

স্থানীয় যুবক তুহিন আলম মুকুল বলেন, “শারমিনের পরিবার অত্যন্ত অসহায়। একটি ফুটফুটে শিশুর জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসা প্রয়োজন। সবার সামান্য সহযোগিতা মিললে শারমিনের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে।”

অসহায় বাবা শাহ আলম বলেন, “আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। মেয়ের চিকিৎসার জন্য যা ছিল সব খরচ করে ফেলেছি। এখন আর চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য নেই। আমার মেয়েটিকে বাঁচাতে দেশের সকল হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করছি।”

শারমিনের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

সাহায্য পাঠানোর ঠিকানা
বিকাশ (মা - আমেনা বেগম): ০১৯৬৬৮৮০৬২৪
মানবতার হাত বাড়িয়ে দিলে হয়তো আবারও হাসতে পারবে ছোট্ট শারমিন, ফিরতে পারবে বিদ্যালয়ের বন্ধুদের মাঝে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT