অবৈধ অনুপ্রবেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সম্ভাব্য পুশইন ঠেকাতে যশোরের চৌগাছায় সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদিকে, পুশইনের খবরে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে।
সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষ করে সীমান্তবর্তী বিভিন্ন বিওপি (বর্ডার আউটপোস্ট) এলাকায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সে আশঙ্কায় ভারতের সাথে চৌগাছা উপজেলার প্রায় ২৫ কি.মি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সাথে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতায় যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিশেষ করে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বিএসএফের পুশ ইন চেষ্টার পরে নজরদারি জোরদার করা হয়েছে।
চৌগাছার ভারত সীমন্তবর্তী কুলিয়া গ্রামের আলতাফ হোসনে, দৌলতপুর গ্রামের বজলুর রহমান, আন্দুলিয়া গ্রামের ইব্রাহিম খলিল, আড়সিংড়াপুকুরিয়া গ্রামের তবিবর রহমানসহ কয়েকজন জানান, তারা বিজিবি সদস্যদের সাথে এলাকাবাসির সহযোগিতায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত পাহার দিচ্ছেন বিজিবি।
আন্দুলিয়া বিজিবি ক্যাম্পের সুবেদার শরিফ কবির ও কুলিয়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার নুরে আলম বলেন, বর্তমানে চৌগাছার সীমন্ত শান্ত রয়েছে। আরো বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন।
সীমান্ত পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ভারতের পক্ষ থেকে যেকোনো সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পুশ-ইনের চেষ্টা হতে পারে বলে আমরা ধারণা করছি। এ কারণে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জোরদার করা হয়েছে। কোনোভাবেই অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।
তিনি আরো বলেন, সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ বিজিবিকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, যা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এজন্য তিনি স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।