ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত খাল বেদখলের মুখে, জেলা পরিষদের হস্তক্ষেপ কামনা

author
নলছিটি (ঝালকাঠি) প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ৮ জুন, ২০২৬ সকাল ১০:৩৯
ad003
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় অবস্থিত জেলা পরিষদের ডাকবাংলোর সম্মুখের ঐতিহাসিক খালটি দীর্ঘদিন ধরে দখল ও ভরাটের শিকার হয়ে বর্তমানে অস্তিত্ব সংকটে পড়েছে। 

স্থানীয়দের অভিযোগ, খালটির দুই পাড়ের অধিকাংশ অংশ ইতোমধ্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখলে চলে গেছে। অবশিষ্ট অংশও দখলের অপচেষ্টা অব্যাহত রয়েছে।

স্থানীয় প্রবীণদের মতে, খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে পরিচিত। একসময় খালটি এলাকার পানি নিষ্কাশন, নৌযান চলাচল এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও ক্রমাগত দখল ও অব্যবস্থাপনার কারণে এর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

অভিযোগ রয়েছে, বছরের পর বছর ধরে খালের বিভিন্ন অংশে অবৈধ স্থাপনা নির্মাণ, মাটি ভরাট এবং দখল কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।
 
স্থানীয়রা জানান, অতীতে বিভিন্ন সরকার, জনপ্রতিনিধি এবং জেলা পরিষদের চেয়ারম্যান বা প্রশাসক দায়িত্ব পালন করলেও খালটি উদ্ধারে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

এ অবস্থায় পরিবেশ সচেতন নাগরিক ও এলাকাবাসী খালটি দ্রুত দখলমুক্ত করে পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। তারা ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক আ‌্যাড. মো. শাহাদাত হো‌সে‌নের সুদৃষ্টি কামনা করে খালের সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ এবং খননের মাধ্যমে খালটির নাব্যতা ফিরিয়ে আনার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

স্থানীয়দের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে অচিরেই খালটির অবশিষ্ট অংশও বেদখল হয়ে যাবে এবং ঐতিহ্যবাহী এ জলপথ মানচিত্র থেকেই হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT