মোটরসাইকেলের ধাক্কায় গত এক সপ্তাহ ধরে নাতি রিদুয়ান(১৮) হাসপাতালে ভর্তি। তার চিকিৎসার খরচ জোগাড় করতে গিয়ে আরেক মোটরসাইকেলের ধাক্কায় লাশ হয়ে বাড়িতে ফিরলেন নানা রিয়াজ উদ্দিন(৭৮)
রোববার (৭ জুন) বেলা ২টার দিকে সখীপুর–সিডস্টোর সড়কের মিলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিয়াজ উদ্দিন সখীপুর উপজেলার কালিয়ানপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, নাতির চিকিৎসার ব্যয় মেটাতে অর্থ সংগ্রহের উদ্দেশ্যেই সেদিন তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। পরিবারের কষ্ট লাঘবের সেই চেষ্টা শেষ পর্যন্ত পরিণত হয় এক হৃদয়বিদারক শোকগাথায়। আজ ৮ জুন, সোমবার সকাল ১০ টায় তার জানাজা সম্পন্ন হয়েছে।
নিহতের ছেলে বাবুল বলেন, “আমার বাবা দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। এমন ঘটনা আর না ঘটুক—এটাই আমাদের একমাত্র চাওয়া।”
উল্লেখ্য, গত ১ জুন সখীপুর–সিডস্টোর সড়কের বাগবেড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রিদুয়ান গুরুতর আহত হন। বর্তমানে তিনি উত্তরার প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।