ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতকে ঘরে ঘরে ময়লা সংগ্রহ কার্যক্রম শুরু, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়তে পৌর প্রশাসকের উদ্যোগ

author
ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ৮ জুন, ২০২৬ দুপুর ১:০০
ad003
সুনামগঞ্জের ছাতক পৌর শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গৃহস্থালির ময়লা-আবর্জনা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিনের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা শেষে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে এ কার্যক্রম চালু করা হয়।

সোমবার (৮ জুন) দুপুরে পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের মহাপ্রভুর আখড়া ও চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে ময়লা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ জসিম উদ্দিন সুমেন, ছাতক সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হরিদাস রায়, পৌর নির্বাহী কর্মকর্তা শরবিন্দু রায়, সহকারী প্রকৌশলী আবদুল মালেক, ছাতক মধ্যবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হাই (কালা মিয়া), পৌরসভার কর্মকর্তা যুবরাজ চৌধুরী শরিফ, কার্যসহকারী জুয়েল রায় ও সুব্রত হালদার।

এ সময় উপস্থিত ছিলেন মণ্ডলীভোগ মহল্লার বাসিন্দা সমরেন্দ্র কর, বাবুল পাল, শামীম আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, “নিজের শহরকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পৌরসভার পক্ষ থেকে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। দেশের অন্যান্য উন্নত শহরের মতো ছাতকেও নিয়মিত গৃহস্থালির ময়লা সংগ্রহ ব্যবস্থা চালু করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ কার্যক্রমকে সফল ও টেকসই করতে হবে।”

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন নগর গঠনে শুধু পৌরসভার উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন নাগরিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ। পরিবেশবান্ধব ও আধুনিক পৌর শহর গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, নিয়মিত ময়লা সংগ্রহ ব্যবস্থা চালু হলে পৌর এলাকায় পরিবেশ দূষণ কমবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT