আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
সোমবার (৮ জুন) সদর উপজেলা ও ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে।
ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও এডিস মশার বংশবিস্তার রোধে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা জরুরি। ময়লা-আবর্জনায় ড্রেন বন্ধ হয়ে গেলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয় এবং মশার প্রজনন বাড়ে। তাই ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চলবে। তিনি আরও বলেন, জেলা প্রশাসক মো. রায়হান কবির স্যারের নির্দেশনায় উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ড্রেন পরিষ্কার করা হবে। একইসঙ্গে স্থানীয় জনগণকে ড্রেনে ময়লা না ফেলার জন্য সচেতন করা হচ্ছে। জনগণের সহযোগিতা ছাড়া এ কার্যক্রম সফল করা সম্ভব নয়। তাই সকলের সহযোগিতা তিনি কামনা করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মশক নিধন কার্যক্রমও জোরদার করা হবে। নাগরিকদের নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এসময় প্রশাসনিক, ইউপি সদস্য মাইনুদ্দিন মেম্বার সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন।