ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল নিয়ে বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। অংশগ্রহণকারী দলগুলো আয়োজক দেশগুলোতে পৌছাতে শুরু করেছে। এরই মধ্যে যুদ্ধের আবহ নিয়ে ইরান ফুটবল দল মেক্সিকোতে পৌছেছে। যদিও তাদের ভেনু আমেরিকায়। ম্যাচের আগে সেখানে পৌছাবে।
আমেরিকার সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন ও ভিসা জটিলতার মধ্যেই ওয়ার্ল্ড কাপ খেলতে মেক্সিকো পৌছেছে ইরান ফুটবল দল। ওয়ার্ল্ড কাপের সহ-আয়োজক আমেরিকার সঙ্গে তেহরানের যুদ্ধাবস্থার মধ্যেই ইরান দলের কয়েকজন সদস্যকে ভিসা না দেয়ায় তৈরি হয়েছে নতুন বিতর্ক। ওয়ার্ল্ড কাপ শুরুর আগে মেক্সিকোর তিহুয়ানা শহরে পৌছেছে ইরান দল। ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর সীমান্তবর্তী মেক্সিকান শহরটিতে স্থানীয় সময় ভোর ৫টার কিছু পর তাদের বহনকারী ফ্লাইট অবতরণ করে। তুরস্ক থেকে রাতভর ভ্রমণ করে সেখানে যায় দলটি। গত তিন সপ্তাহ তুরস্কে অনুশীলন করেছে ইরান।
মূলত আমেরিকায় প্রবেশের ভিসা পাওয়া নিয়ে অনিশ্চয়তার কারণেই শেষ মুহূর্তে নিজেদের বেস ক্যাম্প এরিজোনা থেকে মেক্সিকোতে সরিয়ে নেয় ইরান ফুটবল ফেডারেশন। দীর্ঘ আলোচনার পর আমেরিকা গত শুক্রবার ইরানের সব খেলোয়াড়কে ভিসা দেয়। সেটিও তাদের প্রথম ম্যাচের মাত্র ১০ দিন আগে। তবে ফেডারেশনের দাবি, সাপোর্ট স্টাফের কয়েকজন সদস্য ভিসা পাননি, যাদের মধ্যে ‘গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা ও প্রশাসনিক কর্মকর্তারাও’ আছেন।
আগামী বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও সাউথ আফৃকার ম্যাচ দিয়ে শুরু হবে ওয়ার্ল্ড কাপ। তার কয়েক দিন আগেই ইরান দলকে ঘিরে এই ভিসা বিতর্ক নতুন মাত্রা যোগ করেছে। টুর্নামেন্ট জুড়ে ইরান দল মেক্সিকোতেই অবস্থান করবে। যদিও গ্রুপ পর্বে তাদের সব ম্যাচই আমেরিকার পশ্চিম উপকূলে। আমেরিকায় ম্যাচ খেলতে গেলে ওয়ার্ল্ড কাপ ইতিহাসে এবারই প্রথম কোনো আয়োজক দেশ এমন একটি দলের আতিথ্য দেবে, যার দেশের সঙ্গে তাদের যুদ্ধ চলছে।
তুরস্কের আনতালিয়ায় প্রায় তিন সপ্তাহের ক্যাম্প করেছে ইরান। সেই সময়েই তিন আয়োজক দেশ আমেরিকা, কানাডা ও মেক্সিকোর ভিসার জন্য আবেদন করে দলটি। মেক্সিকোর উদ্দেশে রওনা হওয়ার আগের রাতে খেলোয়াড়রা আমেরিকার ভিসা পান বলে শুক্রবার রাতে এক্সে জানান তুরস্কে নিযুক্ত ওয়াশিংটনের দূত টম বারাক।
তবে তুরস্কে ইরানের এম্বাসি জানায়, প্রশাসনিক ও ব্যবস্থাপনা বিভাগের ১৫ জন স্টাফকে ভিসা দেয়া হয়নি। শনিবার এক্সে দেয়া পোস্টে এম্বাসি লিখেছে, ‘ইরানের জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে ইচ্ছাকৃত ও বৈষম্যমূলক আচরণকে আপনারা এখন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছেন।’
একই পোস্টে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, আমেরিকাকে তাদের নিয়ম ভঙ্গের জন্য জবাবদিহির আওতায় আনতে হবে।
উত্তেজনা আরো বাড়ে মেক্সিকোতে নিযুক্ত ইরানের এম্বাসাডরের মন্তব্যে। শনিবার তিনি জানান, ভিসার শর্ত অনুযায়ী ইরান দলকে ম্যাচের দিনই আমেরিকার প্রবেশ ও সেদিনই দেশ ছাড়তে বলা হয়েছে।
ইরানের দূত আবুলফজল পাসানদিদেহ সাংবাদিকদের বলেন, ‘আমরা সকালে প্রবেশ করতে পারব এবং একই দিন আমাদের চলে যেতে হবে।’
তবে তার এই বক্তব্যের সঙ্গে ইরান দলের মুখপাত্র আমির মাহদি আলাভির আগের মন্তব্যের অমিল রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে আলাভি বলেছিলেন, ‘জাতীয় দলের জন্য যে ভিসা দেয়া হয়েছে, সেগুলো মাল্টিপল-এন্টৃ ভিসা। প্রথম ম্যাচের এক দিন আগে জাতীয় দল ম্যাচ ভেনুতে পৌছাবে এবং পরের ম্যাচগুলোর ক্ষেত্রে প্রতিটি ম্যাচের দুই দিন আগে সেখানে যাবে।’
ফিফার বিশ্ব কাপ সংক্রান্ত নিয়ম অনুযায়ী, কোনো দলের কোচকে ম্যাচের আগের দিন ম্যাচ ভেনুতে সংবাদ সম্মেলন করতে হয়। ফলে ইরান দল সত্যিই ম্যাচের দিনই আমেরিকায় ঢুকে সেদিনই বেরিয়ে যেতে বাধ্য হলে, তা ফিফার নিয়ম বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তৈরি করতে পারে।
ইরান ফুটবল ফেডারেশন আমেরিকার এই সিদ্ধান্তকে ‘খেলায় রাজনৈতিক হস্তক্ষেপের সবচেয়ে খারাপ রূপ’ বলে উল্লেখ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেশন প্রধান মেহদি তাজও ভিসা না পাওয়া ব্যক্তিদের মধ্যে থাকতে পারেন।
এ বিষয়ে আমেরিকা প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, ‘ইরানের ওয়ার্ল্ড কাপে অংশ নেয়ার জন্য প্রয়োজনীয় ভিসা, খেলোয়াড় এবং প্রয়োজনীয় সাপোর্ট স্টাফসহ, দেয়া হয়েছে।’
যাদের ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে, তাদের বিষয়ে সরাসরি কিছু না বললেও ওই কর্মকর্তা আরো বলেন, ‘আমরা ইরান দলকে এই ব্যবস্থার অপব্যবহার করে মিথ্যা অজুহাতে সন্ত্রাসীদের আমেরিকায় ঢোকানোর সুযোগ দেব না।’
এর আগে গত এপৃলে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, সমস্যা ইরানের খেলোয়াড়দের নিয়ে নয়; বরং ‘তাদের সঙ্গে যাদের আনতে চাওয়া হতে পারে’, তাদের নিয়ে। তিনি ইঙ্গিত দিয়েছিলেন, তাদের কারো কারো সঙ্গে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সম্পর্ক থাকতে পারে। এই বাহিনীকে আমেরিকা ‘সন্ত্রাসী’ সংগঠনের কালো তালিকায় রেখেছে।
ওয়ার্ল্ড কাপে ইরান খেলবে গ্রুপ ‘জি’-তে। ১৫ জুন লস এঞ্জেলেসে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা। একই ভেনুতে ২১ জুন তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। এরপর ২৬ জুন সিয়াটলে ইজিপ্টের মুখোমুখি হবে ইরান।