ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংগঠনিক কার্যক্রম জোরদারে দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল

author
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত : ৯ জুন, ২০২৬ সকাল ৮:৫১
ad003
কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের সমন্বয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৯ জুন) সকাল পৌনে ১১টায় গৌরীপুরে দাউদকান্দি উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। বক্তারা দাউদকান্দি এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মহাসড়কে মিছিল করার ঘটনাকে কেন্দ্র করে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক ও সজাগ থাকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসিফ কবির। এতে সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আব্দুল বাছেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. লতিফ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মো. জাহাঙ্গীর আলম। সভা পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন খন্দকার।

এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল সওদাগর, দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হাজারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জরুরি সভা শেষে দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থান ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তারা দেশের স্থিতিশীলতা বিনষ্ট এবং নাশকতামূলক কর্মকাণ্ডের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT