ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ| এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে|
পুলিশ বলছে, গত ৮ জুন ভোরে শহরের পায়রা চত্বরে ছাত্রলীগের একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে| ওই ঘটনায় ঝিনাইদহ সদর থানার এসআই রাজীব আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন| মামলায় ছাত্রলীগ ও যুবলীগের ২৪ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে|
পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে| ৮ জুন রাতেই অভিযান চালিয়ে জেলা যুবলীগের সদস্য মেহেদী হাসান সোহেল (৩৫), ছাত্রলীগকর্মী নীলয় ফারহান দিঘল (২০) ও আশিক (২২) নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ| মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে|
মামলায় আসামিদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন, সাধারণ সম্পাদক আল ইমরান, সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি হুসাইন মো. ফরহাদ, সাধারণ সম্পাদক জিসান বিল্লাহ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশিদুল ইসলাম সোহান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী অনুপসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা|
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে| মামলার দুইজন এজাহারনামীয় এবং একজন অজ্ঞাতনামা আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে| অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে|