ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাব ৬

author
খুলনা ব‌্যু‌রো

প্রকাশিত : ৯ জুন, ২০২৬ দুপুর ৩:২৩
ad003
খুলনার পাইকগাছায় যুবক হাসান ওরফে কিং হত্যা মামলার প্রধান আসামি নাজমুল হুদাকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তাকে আটক করা হয়।

র‍্যাব-৬ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানার খানজাহান আলী রোডের গ্লাসগো মোড় এলাকায় এস. এন্ড এ মোটরসের শোরুমে অভিযান চালিয়ে পাইকগাছা থানার হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. নাজমুল হুদা (৩৭)-কে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, গত ৭ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী গরুর হাট এলাকায় মাদক কেনাবেচা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে নাজমুল হুদাসহ কয়েকজন অভিযুক্ত দেশীয় অস্ত্র, লাঠি, শাবল ও লোহার রড দিয়ে হাসান ওরফে কিং (৩৫)-কে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মালেক সরদার বাদী হয়ে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই প্রধান আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

র‍্যাব-৬ আরও জানায়, গ্রেফতারকৃত নাজমুল হুদাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। তদন্তের স্বার্থে মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT