মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাদ্যসামগ্রী নিয়ে অনিয়মের ঘটনায় সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ| মঙ্গলবার বিকেলে তাদেরকে মাদারীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এলিয়াম হোসেন এর আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন| গ্রেফতারকৃতরা হলেন সমতা ট্রেডার্সের অপারেশন ম্যানেজার ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দোগাছিয়া এলাকায় এএফএম আহসানুল হাবিব (৫১) ও বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর এলাকার মো. নুরুজ্জামান (৪৩)| তদন্তে নষ্ট ও খাবার অযোগ্য খাদ্যসামগ্রী সরবরাহের ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ|
জানা গেছে, গত ৮ এপ্রিল মাদারীপুর সদর উপজেলার ৬টি প্রাথমিক বিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিংয়ের মেয়াদ উত্তীর্ন পাউরুটি ও নষ্ট ডিম খেয়ে অসুস্থ হয়ে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হয়| ঐ দিনই এ ঘটনায় সরকারের উচ্চ পর্যায়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং পরবর্তীতে ২৭ এপ্রিল মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়| সেই মামলায় আজ মঙ্গলবার দুপুরে সদর থানা পুলিশ মাদারীপুর নতুন শহর এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন|
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা জানান, “স্কুল স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত নষ্ট ও খাবার অযোগ্য খাদ্যসামগ্রী সরবরাহের ঘটনায় সম্পৃক্ত থাকায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ| গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণের আদেশ দিলে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়ে দেন| এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে|”