ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
আর মাত্র এক দিন

ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের কাছে হালান্ডদের নরওয়ের চাওয়া

author
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত : ৯ জুন, ২০২৬ দুপুর ৩:৪৬
ad003
ফুটবল ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সরাসরি অংশ না নিলেও এ দেশের দর্শকদের উন্মাদনা পুরো বিশ্ব জানে। বিশেষ করে গত আসরে আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরে বাংলাদেশের সমর্থকদের আবেগ দেখে মুগ্ধ হয়েছিল ফুটবল বিশ্ব। এবার সেই আবেগের ভাগীদার হতে চাইছে নরওয়ে। ২০২৬ ওয়ার্ল্ড কাপে নিজেদের দলটির পাশে দাড়াতে বাংলাদেশি ভক্তদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত রয়াল নরওয়েজিয়ান এম্বাসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় এম্বাসি জানিয়েছে, কেন ওয়ার্ল্ড কাপে বাংলাদেশি ভক্তদের নরওয়েকে সমর্থন করা উচিত। দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার পর ফুটবলের এই মহা আসরে ফিরেছে নরওয়ে। তাই এবার আন্ডারডগ দল হিসেবে তাদের সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছে তারা।

নরওয়ে ও বাংলাদেশের মধ্যে বেশ কিছু অবাক করা মিল তুলে ধরেছে এম্বাসি। তারা জানিয়েছে, ‘আমাদের দুই দেশের মধ্যে কেবল ফুটবলই নয়, অনেক গভীর মিল রয়েছে। নরওয়ে বাংলাদেশের স্বাধীনতার শুরুর দিকেই স্বীকৃতি দেয়া দেশগুলোর একটি। এছাড়া জলবায়ু পরিবর্তন, শান্তি ও উন্নয়নের মতো বৈশ্বিক বিষয়ে আমরা দীর্ঘ দিন ধরে একসঙ্গে কাজ করছি। আমাদের বন্ধুত্ব ইতিহাস ও পারস্পরিক শ্রদ্ধার ওপর দাড়িয়ে।’

ভৌগোলিক ও সাংস্কৃতিক মিলের কথা বলতে গিয়ে দূতাবাস উল্লেখ করে, ‘আমরা উভয়ই নদী ও সমুদ্রবেষ্টিত দেশ এবং মাছের প্রতি আমাদের ভালোবাসা অকৃত্রিম। আমরা ফেয়ার প্লে বা স্বচ্ছতায় বিশ্বাসী। দেশ হিসেবে আমরা ছোট হলেও বৈশ্বিক মঞ্চে বড় স্বপ্ন দেখতে পছন্দ করি।’

আর ফুটবলপ্রেমীদের বাড়তি আগ্রহের জায়গা হিসেবে নরওয়ের স্টার ফরোয়ার্ড আর্লিং হালান্ডের নাম সামনে এনেছে এম্বাসি। তারা লিখেছে, ‘যারা এখনো নরওয়েকে সমর্থন দেয়ার ব্যাপারে নিশ্চিত নন, তাদের জন্য সুখবরÑ বিশ্ব ফুটবলের অন্যতম সেরা স্টার আর্লিং হালান্ড কিন্তু আমাদের দলেই খেলছেন।’

ওয়ার্ল্ড কাপের গ্রুপ ‘আই’তে নরওয়ের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী ফ্রান্স, সেনেগাল ও ইরাক। ১৬ জুন ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের ওয়ার্ল্ড কাপ যাত্রা শুরু করবে হালান্ডরা।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT