ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) প্রণয়নের লক্ষ্যে প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এন. এম আব্দুল্লাহ-আল-মামুন সভাপতিত্বে বুধবার সকালে
পৌরসভার হলরুমে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে গফরগাঁও পৌরসভা।
image0.jpegimage1.jpeg নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রাম (IUGIP)-এর আওতায় দেশের ১৫টি পৌরসভার জন্য মহাপরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সভায় পৌর এলাকার বর্তমান অবকাঠামোগত অবস্থা, নাগরিক সেবার মানোন্নয়ন, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ণের চ্যালেঞ্জ মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরামর্শ সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা এবং সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। তারা বিশেষ করে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক অবকাঠামো উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং পরিবেশবান্ধব নগর গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
১ম পরামর্শ সভায় মুল প্রজেক্ট উপস্থাপন করেন পিডিআরসি এর প্রধান নির্বাহী অফিসার সারোয়ার হোসেইন। এ সময় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন ।