ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকুন্দিয়ায় কৃষকের কাছ থেকে ১২০০ মেট্রিকটন ধান কিনবে সরকার, লটারিতে চূড়ান্ত নামের তালিকা

author
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১০ জুন, ২০২৬ দুপুর ১:২২
ad003
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রম শুরু করতে কৃষক নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিবন্ধিত কৃষকদের মধ্য থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে অংশগ্রহণকারী কৃষকদের বাছাই করা হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ লটারিতে কৃষক, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবার সামনে উন্মুক্তভাবে লটারি অনুষ্ঠিত হওয়ায় পুরো প্রক্রিয়াটি ছিল স্বচ্ছ ও নিরপেক্ষ।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত সংগ্রহ লক্ষ্যমাত্রা অনুযায়ী এ বছর ৩৬ টাকা কেজি দরে মোট ১ হাজার ২০০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। নির্বাচিত কৃষকরাই সরকারি গুদামে তাদের উৎপাদিত ধান সরবরাহের সুযোগ পাবেন।

লটারি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে ই আলম, খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষি বিভাগের প্রতিনিধিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, “সরকারি নির্দেশনা ও নীতিমালা মেনে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কৃষক নির্বাচন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস বলেন, “কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বোরো ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। এ কার্যক্রম সফল করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহের সুযোগ পাওয়ায় নির্বাচিত কৃষকদের মধ্যেও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে কৃষকরা উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাবেন এবং সরকারি খাদ্য মজুদও সমৃদ্ধ হবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT