ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতকে ‘পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব’ গ্রন্থের পরিচিতি ও বিতরণ

author
ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০ জুন, ২০২৬ দুপুর ১:৪৮
ad003
সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং একটি সুন্দর, মানবিক ও পরিচ্ছন্ন সমাজ গঠনের প্রত্যয়ে ইতালি প্রবাসী তরুণ লেখক মাওলানা শামীম আহমদ রচিত ‘পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব’ গ্রন্থের পরিচিতি ও বিতরণ উপলক্ষে সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) ছাতক উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা, সদস্য-সচিব মো. খালেদ মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য সাকির আমিন, মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, মো. ফজল উদ্দিন, সাংবাদিক মো. আক্তারুজ্জামান, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. মোশাহিদ আলী, মাহমুদ আলী, অজিত কুমার দাশ, ফারুক আহমেদ নোমান, আবুবকর চৌধুরী, দিলোয়ার হুসেন, মো. লোকমান হুসেন, পাপলু মিয়া, মোহাম্মদ আলীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সমাজে নৈতিক অবক্ষয়, অসহিষ্ণুতা ও সামাজিক দায়িত্ববোধের ঘাটতি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় অনুশাসন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা বলেন, সচেতনতামূলক বই ও সাহিত্য মানুষের চিন্তা-চেতনার বিকাশ ঘটায় এবং সমাজ পরিবর্তনের কার্যকর মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বক্তারা আরও বলেন, একজন লেখকের সৃজনশীল লেখনী যেমন মানুষকে ইতিবাচক চিন্তার পথে উদ্বুদ্ধ করতে পারে, তেমনি গণমাধ্যমও সমাজের অসঙ্গতি তুলে ধরে জনসচেতনতা সৃষ্টি এবং মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে গ্রন্থের লেখক মাওলানা শামীম আহমদ তাঁর বই রচনার পটভূমি, উদ্দেশ্য এবং সমাজ সংস্কারে লেখালেখির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “একটি আদর্শ ও পরিচ্ছন্ন সমাজ গঠনে প্রত্যেক নাগরিকের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। সামাজিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক গুণাবলির চর্চাই পারে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ নিশ্চিত করতে।”

তিনি আরও বলেন, “পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব” গ্রন্থে সমাজের বিভিন্ন অসঙ্গতি, নাগরিক দায়িত্ববোধ এবং ইতিবাচক পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। বইটি পাঠকদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভা শেষে উপস্থিত সাংবাদিকদের মধ্যে গ্রন্থটির কপি বিতরণ করা হয়। এ সময় বইটি নিয়ে সাংবাদিকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে সমাজ উন্নয়ন, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং একটি পরিচ্ছন্ন সমাজ গঠনে লেখালেখি ও গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT