ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে চাঞ্চল্যকর এনামুল ইসলাম হত্যা মামলার দুই প্রধান আসামি গ্রেফতার

author
খুলনা ব‌্যু‌রো

প্রকাশিত : ১১ জুন, ২০২৬ সকাল ৮:০৬
ad003
যশোরের মনিরামপুরে চাঞ্চল্যকর এনামুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর কোম্পানি। গ্রেফতারকৃতরা হলেন রাব্বি (২২) ও রাকিব।

র‍্যাব জানায়, গত ১১ জুন ২০২৬ দিবাগত রাত ১২টা ১০ মিনিটে যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই আসামিদের আইনের আওতায় আনতে সক্ষম হয় র‍্যাব।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত এনামুল ইসলাম (৫৫) ও আসামিরা একই এলাকার বাসিন্দা। গত ৬ জুন এনামুল ইসলামের নাতনি সুমাইয়াকে স্কুল থেকে ফেরার পথে উত্যক্ত করার অভিযোগ ওঠে রাব্বির বিরুদ্ধে। এ ঘটনায় এনামুল ইসলাম প্রতিবাদ করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এর জের ধরে গত ৮ জুন রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে স্মরণপুর জামতলা মোড় এলাকা থেকে বাড়ি ফেরার পথে এনামুল ইসলামের পথরোধ করে অভিযুক্তরা। অভিযোগ অনুযায়ী, তারা চাপাতি ও চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে গুরুতর জখম করে।

পরে স্বজনরা আহত অবস্থায় এনামুল ইসলামকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে মনিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে র‍্যাব।
র‍্যাব-৬ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মনিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া অপরাধীদের গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT