গাজীপুরের শ্রীপুরে ঘরে কাজ করার সময় ফ্রিজের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাঁন বানু নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালের দিকে উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়নের নিজমাওনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চাঁন বানু ওই এলাকার মো. মদন আলীর স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় ইনসান মুন্সির বাড়িতে নিয়মিত গৃহকর্মীর কাজ করতেন চাঁন বানু। বৃহস্পতিবার সকালে অন্যান্য কাজের পাশাপাশি ঘরের মেঝে ধোয়ামোছার কাজ করছিলেন। একটি কক্ষে মাটির মেঝেতে মাটি দিয়ে লেপার কাজ করছিলেন তিনি। এ সময় ঘরের কোণে রাখা ফ্রিজের নিচে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য আমজাদ ফকির বলেন, 'ঘর লেপার কাজ করতে গিয়ে ফ্রিজের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাঁন বানু মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। তারা তদন্ত করে দেখছেন। উনারাই বিষয়টি প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।'
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম যায়যায়দিনকে বলেন,' নিজ মাওনা এলাকায় ফ্রিজের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যুর খবর পেয়ে একজন পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।'