পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে শ্রীবরদী উপজেলায় পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) শ্রীবরদী উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ এবং সীডস কর্মসূচির পরিবেশ ও জলবায়ু বিষয়ক ফোকাল পার্সনগণ অংশগ্রহণ করেন।
সভায় পরিবেশ সুরক্ষা, স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রম সম্প্রসারণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং টেকসই পরিবেশ উন্নয়নে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পরিবেশবান্ধব কার্যক্রমে স্থানীয় জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় অংশগ্রহণকারীরা প্রাকৃতিক পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাটি আয়োজন করে মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচি, শ্রীবরদী উপজেলা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করে স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশ। সভাটি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু মোকাবিলায় স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে।