ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাবলম্বী প্রকল্পের ছোঁয়া: নকলায় অসহায়দের মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরণ

author
নকলা (শেরপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১২ জুন, ২০২৬ সকাল ১১:২৩
ad003
শেরপুরের নকলা উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়ন ও টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘অরফান লাভ ফাউন্ডেশন’-এর উদ্যোগে সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয়েছে। সংগঠনের ‘স্বাবলম্বী প্রকল্প’-এর আওতায় স্থানীয় প্রকৃত দুস্থদের মাঝে এ সব সামগ্রী প্রদান করা হয়।

​শুক্রবার উপজেলার গণপদ্দী ইউনিয়নের গণপদ্দী বাজারে অবস্থিত আব্দুল করিম সরকার হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত ২০জন উপকারভোগীদের হাতে এসব জীবনযাত্রার উপকরণ তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, সাময়িক কোনো ত্রাণের পরিবর্তে দরিদ্র মানুষকে স্থায়ীভাবে স্বাবলম্বী করে তোলাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। সেলাই মেশিন পেয়ে গ্রামীণ নারীরা ঘরে বসেই নিয়মিত আয়ের পথ তৈরি করতে পারবেন। অন্যদিকে ছাগল পালনের মাধ্যমে উপকারভোগীরা তাদের পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিক সচ্ছলতা অর্জন করতে পারবেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, অরফান লাভ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এই স্বাবলম্বী প্রকল্প, যা সমাজের পিছিয়ে পড়া মানুষকে মূল স্রোতে ফিরিয়ে আনতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। অপ্রত্যাশিত এই টেকসই সহায়তা পেয়ে উপকারভোগীরাও সংগঠনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপকরণ বিতরণকালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরফান লাভ ফাউন্ডেশনের প্রোগ্রাম ও পার্টনারশিপ প্রধান সুমাইয়া নূর, প্রোগ্রাম প্রধান আমিনুল ইসলাম এবং নকলা ইসলামী পাঠাগারের সভাপতি মাওলানা গোলাম সারোয়ার।

​অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আব্দুল করিম হেলথ কেয়ার সেন্টারের ব্যবস্থাপক শরিফুল ইসলাম, নকলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী মনোনীত নকলা পৌরসভার মেয়র প্রার্থী হাছিবুল হাসান হাসিব, সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীবৃন্দ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT