ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ১২ জুন, ২০২৬ দুপুর ১২:০৬
ad003
বাংলাদেশ ছাত্রলীগের ৫ লাখেরও বেশি নেতা-কর্মীর শিক্ষার অধিকার প্রতিষ্ঠা, রাজবন্দিদের মুক্তি এবং ছাত্রলীগ ও আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ফের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ।

এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শুক্রবার সকাল ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকায় ১৫/২০ জন নেতা-কর্মী এই ঝটিকা মিছিল করেন।

৪৪ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন আফ্রিদির নেতৃত্বে এই ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, “প্রাথমিক তদন্তে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে কাউকে পায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে।

 তিনি আরো বলেন, “মিছিলে নেতৃত্ব দেয়া আফ্রিদির বিরুদ্ধে ৪ থেকে ৫টি মামলা রয়েছে। তিনি এর আগে কারাগারে ছিলেন। ভিডিওর ভিত্তিতে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT