গাজীপুরের শ্রীপুুরে মহাসড়কের পাশের একটি ময়লার স্তুপ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
শুক্রবার (১২ জুন) সকালের দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন তালহা স্পিনিং মিলের পাশের ময়লার ভাগাড় থেকে ওই লাশটি উদ্ধার হয়।তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার সকালের দিকে ময়লা ফেলতে গিয়ে ওই লাশ দোখতে পায় এক ব্যক্তি। পরে আশপাশে খবর ছড়িয়ে পড়লে লোকজন ভীর জমায়। অজ্ঞাত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩৮-৪০ বছর। তাঁর পরনে সাদা টি-শার্ট ও প্যান্ট ছিল। পরে পুলিশকে জানানো হলে ওই লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়।
পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হতে পারে। তবে, হত্যার পর দুর্বৃত্তরা মরদেহ সেখানে ফেলে গেছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম যায়যায়দিনকে বলেন,' খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের কাজও চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।'