গাইবান্ধার গোবিন্দগঞ্জে বুদ্ধি-প্রতিবন্ধী ফুফুকে ধর্ষণের অভিযোগে তাঁর ভাতিজা আতিকুর রহমান ওরফে আতাবকে (৫০) গ্রেফতার করেছে র্যাব-১৩।
শুক্রবার (১২ জুন) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার শালমারা ইউনিয়নের মিরাপাড়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আতিকুর রহমান ওরফে আতাবকে ওই এলাকার মৃত হোসেন আলীর ছেলে।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের পক্ষ থেকে বলা হয়, ভুক্তভোগী নারী ও অভিযুক্ত একই বাড়িতে বসবাস করতেন। মামলার এজাহার অনুযায়ী, গত ১৬ মে বিকেলে ওই নারী বাড়ির টিউবওয়েলে গোসল করতে গেলে আতিকুর রহমান তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় ঘটনাটি বাদীর শিশুকন্যা দেখে ফেললে সে চিৎকার শুরু করে। অভিযোগ রয়েছে, তখন অভিযুক্ত শিশুটির গলাও চেপে ধরে।
শিশুটির চিৎকার শুনে ভুক্তভোগীর ভাবি ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত দ্রুত পালিয়ে নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ঘরের মধ্যে আটকে রাখা হলেও স্বজনদের সহায়তায় তিনি সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে ১৭ মে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তকে গ্রেফতারে র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের একটি দল শুক্রবার রাত ১টা ২০ মিনিটের দিকে মিরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন,' গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।