কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গভীর রাতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের এ হামলায় কার্যালয়ের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বিভিন্ন মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাতের কোনো এক সময় পৌরসদর বাজারের ডাকবাংলো সংলগ্ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পুরোনো ওই ভবনের একপাশে টিনশেড কক্ষে স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয় এবং অপর পাশে মুক্তিযোদ্ধা হযরত আলীর বসবাসের ব্যবস্থা ছিল। দুর্বৃত্তরা রাতে উভয় কক্ষেই হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে মূল্যবান সামগ্রী লুটে নেয়। যেসব আসবাবপত্র ও নথিপত্র সঙ্গে নিতে পারেনি, সেগুলোও ভাঙচুর করে রেখে যায়।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। মুক্তিযোদ্ধারা এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও শাস্তির দাবিতে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে আমাদের অনুসন্ধানী কার্যক্রম শুরু হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে খবর পেয়ে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।