বিএনপির যুগ্ম মহাসচিব ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারে বিশ্বাস করে। তবে গণমাধ্যমকর্মীদের তথ্য যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে এবং মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে হবে।
শুক্রবার (১২ জুন) বিকেলে ফরিদপুরের সালথা প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতার পথ সুগম করেছিলেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করতেন এবং সাংবাদিকদের অবাধভাবে মতপ্রকাশ ও সংবাদ পরিবেশনের সুযোগ নিশ্চিত করেছিলেন।
তিনি দাবি করেন, দীর্ঘ সময় ধরে নানা প্রতিকূলতার মধ্যেও দেশের অনেক সাংবাদিক সত্য ও বাস্তব তথ্য তুলে ধরতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন। কেউ কেউ এলাকা বা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, আবার অনেকে আহত ও নিহত হয়েছেন। সেইসব সাংবাদিকের অবদান স্মরণ করে তিনি তাদের সাহসিকতার প্রশংসা করেন।
বিএনপির এই নেতা বলেন, বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, রাজনৈতিক কর্মসূচি এবং সাধারণ মানুষের ভোগান্তির চিত্র গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর সামনে এসেছে। এজন্য সাংবাদিক সমাজের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাংবাদিকতাকে একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ পেশা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, বর্তমানে প্রযুক্তির অপব্যবহার করে অনেক সময় বিভ্রান্তিকর তথ্য ও ভুয়া কনটেন্ট প্রচার করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেও ভুল তথ্য ছড়ানোর ঘটনা ঘটছে। এ বিষয়ে সাংবাদিকদের আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এর আগে ফিতা কেটে ও দোয়া-মোনাজাতের মাধ্যমে সালথা প্রেসক্লাব ভবনের উদ্বোধন করেন তিনি। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ, সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সালথা থানার ওসি বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা খন্দকার খায়রুল বাসার আজাদ, ব্যবসায়ী আতাউর রহমান, যুবদল নেতা এনায়েত হোসেন, হাসান আশরাফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।