হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরান। এরপরও প্রণালি অতিক্রম করতে চাওয়া জাহাজকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে তেহরান।
শনিবার (১৩ জুন) মার্কিস সামরিক বাহিনী বলেছে, এসব হামলা প্রতিহত করা হয়েছে।
মার্কিন সামরিক বাহিনী বলছে, গত কয়েক ঘণ্টায় একাধিক ড্রোন ছুড়েছে ইরান। এসব ড্রোন হরমুজ প্রণালি পার হতে যাওয়া বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলছে, মার্কিন বাহিনী গত কয়েক ঘণ্টায় ছোড়া ড্রোনের সবকটিই ভূপাতিত করেছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিকভাবেই অব্যাহত রয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথটি চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। এটি স্বাভাবিকভাবে ব্যবহৃত হচ্ছে।
গত বুধবার রাতে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের নির্দেশ দিয়েছে ইরান। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি (পিজিএসএ) এক পোস্টে বলেছে, ‘এই অঞ্চলে মার্কিন বাহিনীর আগ্রাসনের কারণে সৃষ্ট উত্তেজনা এবং গত রাতে ইরানের সশস্ত্র বাহিনীর ঘোষণার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালি।’