জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ রক্ষায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। শনিবার (১৩ জুন) কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কসংলগ্ন এলাকায় প্রধান কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এদিকে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীসহ বন বিভাগের কর্মকর্তা, প্রশাসনিক, রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় বৃক্ষরোপন কর্মসূচিতে নেতৃবৃন্দরা পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করেন।
একই সময়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকে কেন্দ্র করে কনফারেন্সে অংশ নেন নারায়ণগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপসচিব নিলুফা আক্তার ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. সিফাত উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, জেলা প্রশাসনের কর্মকর্তারা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসন সূত্র থেকে জানা যায়, ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে লক্ষাধিক বৃক্ষের চারা রোপণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশ, নদীর পাড় ও পতিত জমিতে এ বৃক্ষরোপণ অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে জনসাধারণকে এ উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।