ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইরাল ঝটিকা মিছিলের পর পূর্বধলায় পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৬

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ দুপুর ২:১৯
ad003
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— মুক্তিযোদ্ধা আওয়ামী প্রজন্মলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন (৪৯), মাসুদ রানা (২২), শাহজাহান (৪৪), আতাউর রহমান (৪৫), মাজহারুল ইসলাম প্রিন্স (২৮) ও হযরত আলী (৪৬)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ফাজিলপুর এলাকায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসাইনের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলের ভিডিও বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ এবং শাহাদত হোসাইনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রচার করা হয়।

ভিডিওর ক্যাপশনে দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান উল্লেখ করা হয়। প্রায় তিন মিনিটের ভিডিওতে শাহাদত হোসাইনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন নেতাকর্মীকে স্লোগান দিতে দেখা যায়।

এ ঘটনায় শুক্রবার রাতে উপজেলা বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ওরফে মনিরুল হক বাদী হয়ে ছাত্রলীগ নেতা মাসুদ রানাকে প্রধান আসামি করে ৩৩ জনের নাম উল্লেখসহ আরও ৩০-৩৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে পূর্বধলা থানায় মামলা দায়ের করেন। মামলায় ঝটিকা মিছিল, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ও যানবাহন ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT