নাটোরের লালপুরে ভেকু (এক্সকাভেটর) দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে এক ইটভাটা মালিক ও এক ভেকুচালককে আটক করেছে পুলিশ। এ সময় একটি সচল ভেকু ও মাটি বোঝাই একটি ট্রাক্টর জব্দ করা হয়।
পুলিশ জানায়, শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলার লালপুর ইউনিয়নের মঞ্জিলপুকুর গ্রামে অভিযান চালান। অভিযানে মো. রফিকুল ইসলামের বিবিআর (BBR) ইটভাটার পূর্ব পাশে নাজিরুল রহমানের জমিতে বিপণনের উদ্দেশ্যে ভেকু দিয়ে মাটি খননের সময় দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মোমিনপুর গ্রামের মো. রফিকুল ইসলাম (৪০) ও মাধবপুর গ্রামের ভেকুচালক মো. মেহের আলী (৪০)। অভিযানের সময় আরও ২–৩ জন অজ্ঞাত ব্যক্তি দৌড়ে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে একটি সচল ভেকু ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাটি বোঝাই ট্রাক্টর জব্দ করা হয়।
এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী লালপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক দুজনকে রোববার আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।