ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে নদীর প্রবাহ রোধ করে মাছ শিকার, প্রশাসনের অপসারণের নির্দেশ

author
গফরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ দুপুর ১:০৫
ad003
ময়মনসিংহের গফরগাঁওয়ে শীলা নদীতে অবৈধভাবে বাঁশ ও জাল দিয়ে  নদীর পানির প্রবাহ আটকে দিয়ে মাছ শিকার করা হচ্ছে।এমন খবরে  শনিবার বিকালে  অবৈধভাবে নদীর পানিপ্রবাহে  প্রতিবন্ধকতা সৃষ্টি  করে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছেন এবং তা অপসারণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এনএম আব্দুল্লাহ আল মামুন । এ সময় তিনি আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন । উপজেলার মশাখালী ইউনিয়নের শীলা নদীর অংশে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ শিকার করছে স্থানীয় একটি মহল ।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার মশাখালী ইউনিয়নের শীলা নদীতে অবৈধভাবে বাঁশ ও সোঁতিজালের বাঁধ দিয়ে মাছ শিকারের মহোৎসব চলছিল।  স্থানীয় এক শ্রেণির অসাধু ব্যক্তি প্রভাব খাটিয়ে অবৈধভাবে ওই মাছ শিকার করে নদীর গতিপথকে বাঁধাগ্রস্ত করে ।

বিধান অনুসারে, প্রবহমান কোনো জলাশয়ে কোনো ধরনের বাঁধ, স্থায়ী অবকাঠামো বা অন্য কোনোভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। জলাশয়ে পানির প্রবাহ ও মাছের চলাচল বাঁধ দিয়ে বা অন্য কোনোভাবে বাধাগ্রস্ত করলে শাস্তির বিধান রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন ।

স্থানীয় জেলেরা জানান , আগে তারা নদীতে নেমে মাছ ধরতে পারতেন। তবে এভাবে বাঁধ দেওয়ায় এখন আর কেউ নদীতে নামতে পারে না।

নদীতে বাঁধ দিয়ে মাছ শিকারের বিষয়ে জানতে  উপজেলা নির্বাহী কর্মকর্তা এনএম আব্দুল্লাহ আল মামুন বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী বহমান নদীতে ঘের বা স্থায়ীভাবে বাঁধ এবং ভেল বা জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ । তা অমান্য করে শীলা নদীসহ  উপজেলার যে সব এলাকার নদ ,নদী , খাল বিল ও জলাশয়ের পানি প্রবাহ রোধ করে মাছ শিকার করেছেন সেসব অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে । নির্ধারিত সময়ের মধ্যে তা অপসারণ করা না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT