মাদারীপুর ২৫০ শয্যা সদর হাসপাতালে আজ ১০ শয্যার আইসিইউ সেবার কার্যক্রম অনলাইনে উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, সিভিল সার্জন ডা: মোহাম্মদ শরীফুল আবেদীন কমল, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অখিল সরকার সহ হাসপাতালের ডাক্তার, জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আইসিইউ সেবা চালু হওয়ায় সাধারণ রোগীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তারা এখন জরুরি প্রয়োজনে জেলা শহরে বসেই আইসিইউ সেবা পেতে পারবেন। এখন রোগীদের ঢাকা, ফরিদপুরে যাওয়ার প্রয়োজন হবে না। এজন্য সাধারণ রোগীরা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
মাদারীপুর সিভিল সার্জন ডা: মোহাম্মদ শরীফুল আবেদী কমল বলেন, হাসপাতালে আইসিইউ সেবার কার্যক্রম চালু করতে পেরে আমরা আনন্দিত।মাদারীপুর বাসীর অনেক দিনের দাবি আজ পূরন হয়েছে। হামে আক্রান্ত রোগীদের এখন আইসিইউ সেবা দেয়া হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে হাসপাতালের অন্যান্য রোগীদের প্রয়োজন মত আইসিইউ সেবা দেয়া হবে।
মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, মাদারীপুর সদর হাসপাতালের বিভিন্ন ধরনের সমস্যার কথা আমি সংসদে উপস্থাপন করেছি। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রীর সাথে মন্ত্রনালয়ে দেখা করে হাসপাতালের সমস্যার কথা তুলে ধরেছি। মন্ত্রী মহোদয় সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।যার ফলেই আজ আইসিইউ সেবার উদ্বোধন করা হলো।