ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় পতাকা কম, কমেনি বিশ্বকাপের আবেগ

author
আখাউড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ দুপুর ২:০২
ad003
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিগত বছরের চেয়ে এবার পতাকার ছড়াছড়ি নেই|  বিগত বছরে শহর ও গ্রামের বেশির ভাগ বাসা বাড়িতে বিভিন্ন দলের পতাকা টানানো হলেও এবার পতাকার সংখ্যা কিছুটা কম দেখা যাচ্ছে। চায়ের আড্ডায় এখনও জমে উঠেনি বিশ^কাপের উত্তাপ। তবে, তরুনদের মধ্যে ফুটবল খেলা নিয়ে আগ্রহ ও উচ্ছ্বাস রয়েছে। খেলা যত গড়াবে সমর্থক ও পতাকার সংখ্যা আরও বাড়বে বলে মনে ক্রীড়াপ্রেমীরা।

রোববার সকালে সরেজমিনে আখাউড়া পৌরশহরের খড়মপুর কলেজপাড়া, রাধানগর, মালদারপাড়া, মসজিদপাড়া ও দেবগ্রাম এলাকায় ঘুরে অল্প সংখ্যক বাসাবাড়িতে পতাকা দেখা গেছে। এর মধ্যে কলেজপাড়া, রাধানগর ও মালদারপাড়ায় পতাকার উপস্থিতি কিছুটা বেশি রয়েছে। তবে আগের বিশ্বকাপগুলোর তুলনায় বড় আকারের পতাকা খুব কম দেখা গেছে। বেশিরভাগই মাঝারি বা ছোট আকারের পতাকা টানিয়েছেন সমর্থকরা। কলেজ পাড়ায় ব্রাজিল ও আর্জেন্টিনার দুটি বড় পতাকা দেখা গেছে। এছাড়া গ্রামাঞ্চলেও পতাকা কম বলেই খবর পাওয়া গেছে। এবার পতাকার দাম বেশি বলে অভিযোগ করেন ক্রীড়াপ্রেমিরা। তাই পতাকা কম টানানো  হতে পারে।

আখাউড়ায় ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকাই চোখে পড়েছে বেশি। প্রতিটি পতাকার উপরে ছোট্ট সাইজের বাংলাদেশের পতাকা টানানো হয়েছে।  দুয়েকটি স্থানে পর্তুগালের পতাকাও দেখা গেছে। তবে অন্য কোনো দেশের পতাকা তেমন চোখে পড়েনি। ফলে আগের বিশ্বকাপগুলোর মতো এবারও আখাউড়ার ফুটবল উন্মাদনা মূলত ব্রাজিল আর্জেন্টিনা কেন্দ্রিক বলেই মনে হয়েছে। পৌরশহরের বিভিন্ন এলাকায় ঘুরেফিরে এই দুই দলের সমর্থকদের উপস্থিতিই বেশি দেখা যায়। 

স্থানীয়দের মতে, এবার পতাকার সংখ্যা কম হলেও বিশ্বকাপ নিয়ে আলোচনা, প্রিয় দলকে ঘিরে তর্ক-বিতর্ক এবং ম্যাচ দেখার আগ্রহে ভাটা পড়েনি। বিশেষ করে তরুণদের মধ্যে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে।

এদিকে, শুক্রবার সন্ধ্যায়  ব্রাজিলের সমর্থকেরা শহরের সড়ক বাজারে আনন্দ মিছিল করেছে। আর্জেন্টিনার সমর্থকরাও মিছিল করার ঘোষণা দিয়েছে।  

জানতে চাইলে এসএসসি পরীক্ষার্থী আলভী বলেন, গত বিশ্বকাপের তুলনায় এবার সমর্থক কম মনে হচ্ছে। পতাকাও কম দেখা যাচ্ছে। অন্যবার আনন্দ-উদযাপন বেশি ছিল। তবে জার্সি পরার প্রবণতা এখনো আছে। গতবার শীতকালে বিশ্বকাপ হয়েছিল, তাই উদযাপনও বেশি হয়েছিল। আমি গতবার পতাকা টানিয়েছিলাম, এবার টানাইনি।

তিনি আরও বলেন, খেলার সময়সূচিও একটি কারণ। অনেক ম্যাচ ভোরে অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী ও চাকরিজীবীদের পক্ষে খেলা দেখা কঠিন হয়ে পড়ছে।

আলিফ নামে এক ফুটবলপ্রেমী বলেন, ব্রাজিল অনেকদিন ধরে বিশ্বকাপ জিততে পারেনি। এজন্য তাদের সমর্থকদের মধ্যে আগের মতো আত্মবিশ্বাস দেখা যাচ্ছে না। এছাড়া এবার পতাকার দামও বেশি। ছোট একটি পতাকা ও জার্সির দাম তুলনামূলক বেশি হওয়ায় অনেক শিক্ষার্থী কিনতে পারছে না।

পৌর শহরের সড়ক বাজারের ক্রীড়া সামগ্রী বিক্রেতা মনির হোসেন বলেন, হঠাৎ করে পাইকাররা পতাকা ও জার্সির  দাম বাড়িয়ে দিয়েছে।  ফলে খুচরা বাজারেও দাম বেড়েছে। এ কারণে বিক্রি আগের তুলনায় কিছুটা কম।

সড়ক বাজারের ব্যবসায়ী দুলাল ঘোষ জয় বলেন, খেলা তো মাত্র শুরু হয়েছে। দিন যত যাবে উত্তাপ বাড়বে। বিশেষ করে ব্রাজিল-আর্জেনিটা জয় পাওয়া শুরু করলেই তাদের সমর্থকদের উচ্ছ্বাস বেড়ে যাবে। তখন পতাকা টানানো বাড়বে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT