ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিউলে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশী চলচ্চিত্র ‘উৎসব’ প্রদর্শন

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ সকাল ১১:১৮
ad003
বাংলাদেশ দূতাবাস, সিউল-এর উদ্যোগে গত রোববার (১৪ জুন) দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশী EPS কর্মী ও প্রবাসী বাংলাদেশীদের  জন্য Arirang Cine Center-এ বাংলাদেশী চলচ্চিত্র ‘উৎসব’ প্রদর্শন করা হয়।

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আয়োজিত এ চলচ্চিত্র প্রদর্শনীতে প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত জনাব তৌফিক ইসলাম শাতিল, এনডিসি উপস্থিত প্রবাসী বাংলাদেশি ও EPS কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তিনি প্রবাস জীবনে বাংলা সংস্কৃতি, পারিবারিক বন্ধন, সামাজিক মূল্যবোধ এবং পারস্পরিক সম্প্রীতি ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন।

তানিম নূর পরিচালিত ও প্রযোজিত চলচ্চিত্র ‘উৎসব’ বিখ্যাত ইংরেজ সাহিত্যিক চার্লস ডিকেন্স-এর উপন্যাসিকা ‘A Christmas Carol’ থেকে অনুপ্রাণিত। চলচ্চিত্রটিতে পরিবার, ভালোবাসা, দায়িত্ববোধ, স্মৃতি এবং একসঙ্গে থাকার মানবিক অনুভূতি সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যস্ত জীবনে পারিবারিক সম্পর্ক ও সামাজিক বন্ধনের প্রতি যত্নশীল হওয়ার যে বার্তা চলচ্চিত্রটি বহন করে, তা উপস্থিত দর্শকদের গভীরভাবে স্পর্শ করে।

চলচ্চিত্র প্রদর্শনকালে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আনন্দ, আগ্রহ ও আবেগঘন সম্পৃক্ততা লক্ষ্য করা যায়। প্রবাসে বসে বড় পর্দায় বাংলা চলচ্চিত্র উপভোগ করার এ আয়োজন উপস্থিত সবার জন্য এক আনন্দঘন সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়।

চলচ্চিত্র সংস্কৃতির একটি শক্তিশালী ও জনপ্রিয় মাধ্যম। এর মাধ্যমে বাঙালি সংস্কৃতি, জীবনবোধ, পারিবারিক মূল্যবোধ এবং সামাজিক বন্ধনের বার্তা কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি, কোরিয়ান নাগরিক ও বিদেশি বন্ধুদের কাছে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, সিউল এ ধরনের সাংস্কৃতিক আয়োজন করে থাকে।

চলচ্চিত্রটি সিউল এ প্রদর্শনের বিষয়ে প্রয়োজনীয় অনুমোদন এবং সহযোগিতা প্রদানের জন্য বাংলাদেশ দূতাবাস, সিউল সংশ্লিষ্ট পরিচালক ও প্রযোজক কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি, বাংলা সংস্কৃতির প্রসার এবং প্রবাসে পারিবারিক ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT