দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা আমিন কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক মেয়াদি নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
রোববার সকালে উপজেলার ওসমানপুর টিএন্ডটি মোড়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো.ফিরোজ আহমেদ। নির্বাচনে সংগঠনের ৩৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা আমিন কল্যাণ সমিতির আহবায়ক প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব থাকা মো. আনছার আলী মন্ডল এবং ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মো. আলাউদ্দিন মণ্ডল ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শহিদুল ইসলাম পেয়েছেন ১৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. সাজেদুল ইসলাম সাজু ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইমদাদুল হক মিলন পেয়েছেন ১৭ ভোট।
এছাড়া কমিটির অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে মো. আল আমিন, সাংগঠনিক সম্পাদক পদে মো. মুক্তার হোসেন, প্রচার সম্পাদক পদে মো. তরিকুল ইসলাম এবং দপ্তর সম্পাদক পদে শামীম ইসলাম।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং পেশাগত স্বার্থ রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।